প্রকাশিত: Tue, Mar 21, 2023 10:03 PM
আপডেট: Thu, Jun 4, 2026 3:13 PM

শওকত মাহমুদকে বহিষ্কার করলো বিএনপি

রিয়াদ হাসান: বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। 

মঙ্গলবার (২১ মার্চ) দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটি এই সিদ্ধান্ত নেন। এর আগেও শওকত মাহমুদকে দুবার শোকজ করেছিল বিএনপি। এবার তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।

শওকত মাহমুদ ১৬ মার্চ (বৃহস্পতিবার) কলামিস্ট ফরহাদ মজহারের সঙ্গে জাতীয় ইনসাফ কায়েম কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে রাজধানীর একটি হোটেলে কিছু রাজনীতিবিদ ও আমলাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন, যা বিএনপিকে তিনি জানাননি। এই কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। সম্পাদনা: ইমরুল শাহেদ